Select language to read news in your own language


দেবীতলায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন

সৌরদীপ রায়, ইছাপুর

প্রখ্যাত শিক্ষাবিদ, দূরদৃষ্টিসম্পন্ন রাষ্ট্রনায়ক ও জাতীয়তাবাদী নেতা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়-এর ১২৫তম জন্মবার্ষিকী উপলক্ষে গত ৬ জুলাই ইছাপুরের দেবীতলা পুজোমণ্ডপের সামনে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিজেপি কর্মী ও সমর্থকেরা তাঁর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান এবং তাঁর কর্মময় জীবন ও আদর্শের প্রতি গভীর সম্মান জ্ঞাপন করেন।


অনুষ্ঠানে বক্তারা ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের শিক্ষা, জাতীয় ঐক্য, সাংবিধানিক মূল্যবোধ এবং দেশগঠনে তাঁর অবদানের কথা তুলে ধরেন। তাঁদের বক্তব্যে উঠে আসে, দেশের স্বার্থে তাঁর আত্মত্যাগ, দৃঢ় আদর্শ এবং অখণ্ড ভারতের স্বপ্ন আজও প্রজন্মের পর প্রজন্মকে শক্তি, সাহস ও দেশসেবার প্রেরণা জোগায়। জাতীয় জীবনে তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে বলেও মত প্রকাশ করেন বক্তারা।


এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সুজয়, বাপি, রীনা, আইভি, সুভাশিস-সহ এলাকার অন্যান্য সদস্য ও বিজেপি কর্মীরা। উপস্থিত সকলে তাঁর আদর্শ অনুসরণের অঙ্গীকার ব্যক্ত করেন এবং দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।


অনুষ্ঠিটি শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। স্থানীয়দের একাংশের উপস্থিতিতে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তাদের মতে, এমন স্মরণসভা শুধু একজন মহান ব্যক্তিত্বকে শ্রদ্ধা জানানোর মধ্যেই সীমাবদ্ধ নয়; নতুন প্রজন্মের কাছে তাঁর আদর্শ ও দেশপ্রেমের বার্তা পৌঁছে দেওয়ার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।